সারাদেশ

নারী নির্যাতন প্রতিরোধে PRAAN সংস্থার উদ্যোগে নোয়াখালীতে ৩৫ সংগঠনের অংশগ্রহণে সমাবেশ

মো. রেদওয়ান হোসেন, নিজস্ব প্রতিনিধি: • ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
মো. রেদওয়ান হোসেন

মো. রেদওয়ান হোসেন, নিজস্ব প্রতিনিধি: 


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে সমাবেশ ও প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালীতে পারটিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (PRAAN)-এর উদ্যোগে ৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের সম্মিলিত আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

নারীর প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের অধিকার ও নিরাপত্তার পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংস্কার এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।


নারীর প্রতি সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের অধিকার ও নিরাপত্তার পক্ষে জনমত তৈরির  লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন,  পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন,


সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সমাজের গভীর সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার মুখে পড়েন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও চরিত্রহননের মাধ্যমে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা বন্ধ করতে হবে। এসব ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অনলাইনে হয়রানির অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে নারীর প্রতি অসম্মান, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে নারী অধিকারকর্মী নুরজাহান রিনির সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ, প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা।

সমাবেশ শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ, নারীর সমান অধিকার এবং অনলাইন ও বাস্তব জীবনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পূর্ণ সংস্করণে পড়ুন