॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (২৫ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেনের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের তথ্য উল্লেখ করে এমপি হারুন অর রশিদ বলেন, বিগত ৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমানে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। পার্শ্ববর্তী দেশ থেকে তারা উস্কানী দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে। দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে। 

বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতার ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমপি হারুন অর রশিদ দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের অবস্থান সম্পর্কে গ্রাম পুলিশ সদস্যদের গোপনে থানা পুলিশকে তথ্য প্রদানের আহবান জানান। একই সাথে তিনি সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে গ্রাম পুলিশ সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুর রহমান, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত সরদার, যশাই ইউপির গ্রাম পুলিশ সদস্য শাহাবুদ্দিন শেখ ও মৌরাট ইউপির গ্রাম পুলিশ সদস্য উজ্জল মন্ডল বক্তব্য রাখেন।

উপজেলার ১০টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ সদস্য প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণ কোর্সে ১ম স্থান অর্জনকারী হাবাসপুর ইউপির গ্রাম পুলিশ সদস্য শরিফা আক্তার, ২য় স্থান অর্জনকারী সরিষা ইউপির গ্রাম পুলিশ সদস্য আমিরুল ইসলাম ও ৩য় স্থান অর্জনকারী বাবুপাড়া ইউপির গ্রাম পুলিশ সদস্য মো. আলিম মন্ডল অরফে আলীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত প্রশিক্ষণ কোর্স বাস্তবায়নে পাংশা উপজেলা প্রশাসন সহযোগিতা করে।