সারাদেশ

নাটোরে হুইপের গাড়িতে দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না পানিতে ডুবে যাওয়া শিশু সাদিফকে

মোঃ জামিল, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: • ২৩ নভেম্বর ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজ উদ্যোগে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

মোঃ জামিল, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরে পানিতে ডুবে যাওয়া সাড়ে তিন বছর বয়সী শিশু সাদিফকে উদ্ধার করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজ উদ্যোগে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মোঃ সাদিফ। সে ওই গ্রামের মোঃ বকুল শাহ্ ও মোছাঃ নিশাত সুলতানা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার একপর্যায়ে মোঃ মোজাফফর আলীর বাড়ির পাশের বাঁশঝাড়সংলগ্ন একটি অরক্ষিত পুকুরে পড়ে যায় শিশু সাদিফ। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা বকুল শাহ্ পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন।

এ সময় নিজ গ্রাম রামার কাজীপুর থেকে ফিরছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কান্নাকাটির শব্দ শুনে তিনি দ্রুত গাড়ি থামিয়ে শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন। পরে সঙ্গে থাকা পুলিশের পিকআপে করে শিশুটিকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে হুইপ নিজে উপস্থিত থেকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কর্তব্যরত চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত বিকেল ৩টা ৪০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার জাহান বিষয়টি অবগত রয়েছেন বলে জানা গেছে। তিনি যথাযথ আইনি প্রক্রিয়ায় পরিবারকে সহযোগিতা করবেন। এদিকে, শিশুটিকে দ্রুত হাসপাতালে নিতে হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা।

পূর্ণ সংস্করণে পড়ুন