মোঃ জামিল প্রামানিক, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপদে পড়েছেন কৃষকেরা। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে কেটে রাখা ধান তলিয়ে গেছে। একই সঙ্গে পাকা ধান কাটতে না পারায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
সর জমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মোঃ আব্দুল হক বলেন, জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।
ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ধান পেকে গেছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধান কাটতে পারছি না। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে এবং সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে।
নাটোরে দুই দিনের বৃষ্টিতে সিংড়ায় আমন ধান নিয়ে বিপদে কৃষক
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।